বেকার বকবক #২১
তোমাকে চিঠি লিখিনি কোনদিন। লেখার প্রয়োজন হয়নি। প্রয়োজন হলেও হয়ত লেখা যেত না । ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে পড়ল তোমার কথা আজ । মাইলের পর মাইল লম্বা একটা ব্রিজ। রাতের অন্ধকারে খুব কিছু একটা দেখা যাচ্ছিল না , রাস্তাটুকু ছাড়া। দিনের বেলায় কতবার গেছি এই রাস্তায়। কিন্তু আজ রাতে কেন জানিনা তুমি এলে , এই পথে, আমার সাথে। অফিস থেকে বেরিয়ে যখন পার্কিং লট-এ হাঁটছি , তখন ঝুপ ঝুপ করে নামছে অন্ধকার। সার বেঁধে গাড়িগুলো দাঁড়িয়ে আছে , মনমরা। গোল হয়ে উড়তে উড়তে কতগুলো অচেনা পাখি আকাশে শূন্য এঁকে দিয়ে যাচ্ছে লালচে কালো দিনশেষের আলোয়। ওই শূন্যের মধ্যে কি তুমি ছিলে ? তুমি কি ছিলে ওই শূন্যতায় ? চলে যাওয়া আলোর পথে ? তবে কেন আজ তুমি এইভাবে … কি জানি , জানি না। ব্রিজের ওপর থেকে দূরে , অনেকটা দূরে ঝাপসা দেখাচ্ছে ওপারটাকে। ব্রিজ পেরোলেই পৌঁছে যাব যে প্রান্তে। স্পষ্ট কিছু তো দেখতে পাচ্ছি না। শুধু কতগুলো আলোর বিন্দু। ওপারে থমকে থাকা কতগুলো বাড়ি , হয়ত রাস্তার আলো , ব্যস্ত জনবসতি , মিটমিট করে জ্বলছে একটা শহর। আলোর বিন্দু গুলো জলের ওপর এঁকে দিয়ে যাচ্ছে একটা স্কেচ। আর জলে ভাসতে ভাসতে স্কেচটা আমার কাছে আসছে , আরও কাছে। কাঁপা কাঁপা জলছবি তে আমি দেখতে পাচ্ছি তোমায়।
স্পষ্ট দেখতে পাচ্ছি লাইব্রেরীর মাঠ , গঙ্গার ঘাটে ভিড় করে কত লোকজন , সাঁ সাঁ করে চলে যাওয়া তিন নম্বর বাস , জিটি রোড। তিনটে ছেলে গঙ্গার ঘাটে জলে পা ডুবিয়ে বসে তর্ক করছে সুনীল, শক্তি না অন্য্ কেউ । এক ফুচকাওয়ালা কিছুতেই ফাউ দেবে না , তাই নিয়ে রক্তচক্ষু একজন। সাইকেল চালিয়ে দুই বন্ধু পাশাপাশি তুমুল আড্ডা দিতে দিতে ফিরছে বাড়ি। রিক্সার প্যাঁক প্যাঁক , বাইক , সাদা Amabassador. গলির মুখটা থমকে আছে , এগোচ্ছে না কিছুই। রাস্তায় বসে আপেল , আঙুর , কমলালেবু বিক্রি করছে গোবিন্দদা , আর এক ভিখারী জুলজুল চোখে দেখছে। এই সব , এই সব আমার চোখের সামনে ভেসে যাচ্ছে time lapse video র মতো ওই জলে। ওই তো যতীন বাবু হনহন করে হেঁটে যাচ্ছেন , ট্রেন ধরার তাড়া। সবার বাড়িতে রেডিওয় একসাথে সাতটা পঁয়ত্রিশের রবীন্দ্রসঙ্গীত, গাইছেন সুবিনয় রায়। কলতলায় হৈচৈ , আপিসের ভাতের গন্ধ , ব্যস্ত দিন সেজে উঠছে আস্তে আস্তে। মাথা নীচু করে হেঁটে চলে গেল একটা মেয়ে, প্রাইভেট টিউশনে। ভোঁ ভোঁ করে সাইরেন বাজিয়ে ছুটে গেল galloping train টা যে station ছাড়িয়ে , তার নাম উত্তরপাড়া। মফঃস্বল শহর , আমার শহর। আর এইসবের মধ্যে তুমি। আমি দেখছি তোমায়। কতদিন পর। কতদিন পর তুমি সব পাতা উল্টে উল্টে আমাকে দেখাচ্ছো সব কিছু।